বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য অধ্যাপক ড. শামীমা সুলতানা শপথ নিয়েছেন।
রোববার (১ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এর আগে, গত ২৫ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নতুন সদস্য হিসেবে নিয়োগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা। ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগের শর্ত অনুযায়ী, তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত—এ দুটির মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় অধ্যাপক শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ছিলেন। ওই বছরের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন তিনি। ছবি সরিয়ে ফেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিও প্রকাশ করেন এই শিক্ষক।
তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন। তবে বর্তমানে তিনি কোনো কমিটিতে পদে নেই।
নিজস্ব প্রতিবেদক 
























