ইন্টারপোলের দ্বিতীয় গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার (১ নভেম্বর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।
আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে ইন্টারপোলের সদর দপ্তরে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আয়োজিত ‘দ্বিতীয় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্সে’ বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থার প্রতিনিধি, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদেরা অংশ নেবেন।
সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতের বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি সম্ভাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা হবে।
সম্মেলন শেষে আগামী ৭ নভেম্বর আইজিপির দেশে ফেরার কথা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























