একটা ধোঁয়াটে সন্ধ্যা। মাথায় তীব্র মাইগ্রেনের যন্ত্রণা। হঠাৎ করেই মনে হয় চারপাশের এত রাজনীতি, ক্যাঁচাল আর তকমা বাজির ভিড়ে আমি আমার আমিটাকেই যেন হারিয়ে ফেলেছি। হঠকারিতায় আটকে যাওয়া জীবনের ভাঁজে নিজেকে লুকিয়ে রাখার হাজারো চেষ্টায় প্রতিদিন ব্যর্থ হই।
চারদিক সুনসান। হলের জানালাটা খুলে দিই। ভেতরে ভেতরে কথার দুর্ভিক্ষ বাড়ে শব্দেরা কেবল নাম জপ করতে থাকে। কখনো ভাবি সব ছেড়েছুড়ে পালিয়ে যাব। ভরা পূর্ণিমার বদলে কোনো এক ঘোর অমাবস্যায় নিরুদ্দেশ হব। কিন্তু আমার শব্দগুলো ঘরের চার দেয়ালে কেবল আছড়ে পড়ে কিন্তু ডানা মেলে উড়তে পারে না। জবাই করা পাখির মতো ছটফট করে মরতে থাকে আমার যাবতীয় ইচ্ছেগুলো।
বড্ড ইচ্ছে হয় দুটো শুদ্ধ গোলাপ হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকি। নিজের সাথেই নিজের ভালোবাসা বিনিময় করি। বড্ড ইচ্ছে হয় আমার সামনে এসে দাঁড়াক পৃথিবীর সবটুকু সৌন্দর্য! যে সৌন্দর্য দেখলে আর কোথাও যেতে ইচ্ছে করবে না অন্তত মনের ভেতরের শব্দের দুর্ভিক্ষটুকু তো কমবে। কিন্তু আমার যে অমানিশার ঘোরে আটকে গেছে পাঁচটি বছরের একাডেমিক জীবন! এই গণ্ডি ছেড়ে আমি কোথায় যাব?যাপিত জীবনের নানা ইচ্ছে আর কল্পনা আমাকে নিজের ঘর থেকে যোজন যোজন দূরে ঠেলে দিয়েছে। তাই তো এখন একদিকে জীবনের নতুন আলপনা আঁকি আর অন্যদিকে খোলা জানালার পাশে চোখ বন্ধ করে বারবার অতীতে ফিরে যাই। নিজেকে সান্ত্বনা দিই ভাঙা মেঘেরও তো একটা আলাদা সৌন্দর্য আছে! সেই সৌন্দর্যকে পুঁজি করেই আমার এই টিকে থাকার লড়াই।ভেতরে ভেতরে মন ভাঙার একটা সুপ্ত আভাস। সেই রেশ কাটাতে একটু তো সময় লাগেই। কংক্রিটের ছাদের নিচে শুয়েও হঠাৎ মনে পড়ে যায় বৃষ্টিস্নাত দিনে গ্রামের বাড়ির টিনশেড চালের সেই চিরচেনা টুপটুপ শব্দ। আপন ঘরের কথা কি চাইলেই এত সহজে ভোলা যায়? সময় লাগে।
জীবনের এত এত ত্যাগ কেবল একটি স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষায়। এই চার দেয়ালের মাঝে বসেই আমি রোজ নতুন স্বপ্ন দেখি। আর ভাবি হলের এই জানালা থেকে আমার ভাবনাগুলো আসলে কতদূর যায়?
লেখক:কাজী মোঃ ইসমাঈল হোসেন
শিক্ষার্থী, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
কাজী মোঃ ইসমাঈল হোসেন 



















