শীতের শুরুতে পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর থাকার কথা নীলসাগর। তবে এবার দেখা মিলেছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্রের। স্থানীয়দের ভাষ্যমতে, অতীতে শীতের আগমন মানেই হাজার হাজার অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হতো এই জলরাশি। কিন্তু এ বছর নীলসাগরে অতিথি পাখির সেই চিরচেনা আগমন আর দেখা যাচ্ছে না।
এলাকাবাসীর অভিযোগ, দিঘিতে অবাধে চলাচলকারী যান্ত্রিক স্পিডবোটের বিকট শব্দ ও সৃষ্ট ঢেউয়ের কারণেই পাখিরা এবার মুখ ফিরিয়ে নিয়েছে। অতীতে এ ধরনের যান্ত্রিক কোলাহল না থাকায় পাখিরা নির্ভয়ে এখানে আশ্রয় নিত। কিন্তু এবার অতিরিক্ত শব্দদূষণের কারণে পাখিরা নিরাপদ পরিবেশ পাচ্ছে না।
এমন পরিস্থিতিতে নীলসাগরের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় দ্রুত স্পিডবোট চলাচল বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় তরুণ সমাজ ও সচেতন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে নীলসাগর ফিরে পাবে তার পুরোনো রূপ, আর ফিরে আসবে শীতের অতিথি পাখিরা।
আল মিজান ইসলাম-নীলফামারী জেলা প্রতিনিধি 


















