ময়মনসিংহ সদর উপজেলার বোররচর এলাকায় মুদি ও মনোহারি দোকানের আড়ালে প্রকাশ্যে বিষাক্ত মাদক ও নেশাজাতীয় দ্রব্য বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বোররচর পশ্চিম কাচারী বাজার এলাকায় নিজের দোকানে বসেই দীর্ঘদিন ধরে এই অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন রাজিব নামের এক যুবক। তিনি ওই এলাকার মুকছেদের ছেলে এবং তাঁর মাতার নাম রাজিয়া।
অভিযোগে প্রকাশ, সাধারণ কাঁচাবাজার ও মনোহারি ব্যবসার আড়ালে প্রকাশ্যে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় এলাকার তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে দ্রুত এলাকাটিকে মাদকমুক্ত করতে এবং অভিযুক্ত রাজিবের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মোঃ রাসেল ফকির, ময়মনসিংহ ব্যুরো প্রধান 


















