গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে একটি কারখানার গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও শ্রমিকদের অবরোধের কারণে সামনে যেতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি।
রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিকাল নিটেক্স লিমিটেডের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ চলার সময় গোডাউনে আগুন দেওয়া হয়। আগুনের ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে তা কারখানার অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, ট্রপিকাল নিটেক্স লিমিটেডের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে চন্দ্রা এলাকায় পৌঁছানোর পর শ্রমিকদের অবরোধের কারণে আর সামনে এগোনো সম্ভব হয়নি। এ সময় আগুন নেভানোর কাজে প্রয়োজনীয় সহযোগিতাও পাওয়া যায়নি।
এদিকে গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের আন্দোলন চলছে। শ্রমিকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করলেও বিভিন্ন কারখানায় অসন্তোষ থামেনি।
শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। রোববার সকালেও বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতির কারণে আশপাশের সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















