রাজধানীর মিরপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে গাড়িটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে তাঁদেরও ধাওয়া দেন শ্রমিকরা।
রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শ্রমিকেরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
সংঘর্ষের একপর্যায়ে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাঁদের ধাওয়া দেন। এতে আগুন নেভানোর কাজ বন্ধ রেখে ঘটনাস্থল থেকে সরে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।
বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
নিজস্ব প্রতিবেদক 























