‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় রামপাল মডেল মসজিদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামপাল মডেল মসজিদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার এবং রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস।
বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, বেকারত্ব দূরীকরণ এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে রামপাল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুব সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুবসমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পাঁচজন দক্ষ ও উদ্যমী যুবক-যুবতীর মধ্যে আনুষ্ঠানিকভাবে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
শেখ সাগর আহমেদ-রামপাল (বাগেরহাট) প্রতিনিধি 



















