শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং অভিভাবকদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ ও পরামর্শ বক্স বিতরণ করেছে পঞ্চগড় জেলা পরিষদ।
সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিদের হাতে এসব অভিযোগ ও পরামর্শ বক্স তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্সগুলো বিতরণ করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
অভিযোগ ও পরামর্শ বক্স বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা কিংবা প্রতিষ্ঠানের নানা অসংগতি সরাসরি কর্তৃপক্ষের কাছে তুলে ধরার সুযোগ থাকে না। এ ক্ষেত্রে অভিযোগ ও পরামর্শ বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, এসব বক্সের মাধ্যমে অভিভাবকেরা তাঁদের অভিযোগ, মতামত ও গঠনমূলক পরামর্শ সহজেই জমা দিতে পারবেন। প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। কোনো অভিযোগ পাওয়া গেলে তা যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে অভিভাবকদের দেওয়া পরামর্শও গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হবে।
জেলা পরিষদের এ উদ্যোগের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অভিভাবকদের যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা সমাধান, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে অভিযোগ ও পরামর্শ বক্স কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন তাঁরা।
পঞ্চগড় জেলা পরিষদের এ উদ্যোগকে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আনিসুর রহমান মানিক-পঞ্চগড় প্রতিনিধি 




















