বরগুনায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে রোপণকৃত শতাধিক ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও দলীয় মেয়র মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামানের বিরুদ্ধে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে গাছ রোপণকারী মো. আব্দুর রশিদ খাঁন কামরুজ্জামানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন। এর আগে সকালে আমতলী পৌর শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আমতলী পৌর শহরের ৪৩/১ পোল্ডারের পুরাতন লঞ্চঘাট এলাকার ২ শতাংশ জমি মো. আব্দুর রশিদ খাঁন ভোগদখল করে আসছেন। ২৬ বছর আগে ওই জমিতে তিনি আম, জাম ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলগাছ রোপণ করেন। সোমবার সকালে জমি দখল করতে এসব গাছ কেটে ফেলেন মো. কামরুজ্জামান ও তাঁর লোকজন।
ভুক্তভোগী আব্দুর রশিদ খান বলেন, ২০০০ সালে পানি উন্নয়ন বোর্ডের আমার দখলীয় ২ শতাংশ জমিতে আম, জাম ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির শতাধিক ফলদ গাছ রোপণ করেছি। দলের প্রভাব খাটিয়ে ওই জমি জোরপূর্বক দখল করতে ইসলামী আন্দোলন নেতা মাওলানা মো. কামরুজ্জামান সব গাছ কেটে ফেলেছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি।
অভিযুক্ত কামরুজ্জামান বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 




















