বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির হত্যা মামলায় গ্রেপ্তার ১৯ বছর বয়সী এক তরুণীকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেন। নৌ-পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাতে উত্তরার একটি রেস্তোরাঁয় সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে ওই তরুণীকে দেখা যায়। পরে তাঁরা আরও কয়েকটি স্থানে যান এবং তাঁদের মধ্যে মুঠোফোনে যোগাযোগের তথ্যও পাওয়া গেছে।
তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্য যাচাই করতেই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে কাফরুল এলাকা থেকে তরুণীকে গ্রেপ্তার করা হয়। এর আগে দীপকেও চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। পরে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
নিজস্ব প্রতিবেদক 

























