টাঙ্গাইলের বাসাইলে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী নামের এক নারী পথচারীর নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বাসুলিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রংমালা রানী (৫৫) বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী।
জানা যায়, সকালে রংমালা রানী হাঁটতে বের হন। এ সময় বাসাইল থেকে নলুয়ার দিকে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ধাক্কায় তার পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে আটকে যাওয়ার পর চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
পরে গুরুতর আহত অবস্থায় রংমালা রানীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
জীবন আহমেদ রাব্বি কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
























