চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়।
অপরদিকে, সকাল ৮টা ৫০ মিনিটে আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, পৃথক দুটি অভিযানে জব্দকৃত ফেনসিডিল ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
মোহাঃ রকিব উদ্দীন স্টাফ রিপোর্টার 





















