মিয়ানমারকে হারিয়েই সর্বশেষ এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। আজ তাদের হারিয়ে এশিয়ান গেমসে টিকে থাকার লড়াইয়ের লক্ষ্যে নেমেছিলেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা।
তবে সে আশায় গুড়ে বালি। মিয়ানমারের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। সান্ত্বনার ড্রয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তাতে শেষ হয়েছে টুর্নামেন্টের পথচলাও। আজ জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। সমানে-সমানে লড়াই হয়েছে দুই দলের। বাংলাদেশের ৪৮ শতাংশের বিপরীতে মিয়ানমারের বল পজেশন ছিল ৫২ শতাংশ। যদিও বাংলাদেশের নেওয়া তিন শটের কোনোটিই ছিল না গোলবারে।
বিপরীতে মিয়ানমারের ৮ শটের ২টিই ছিল জালে। এর মধ্যে শেষ মুহূর্তে ৭৭ মিনিটে নিশ্চিত গোল বাঁচান বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা। অন্যথায় হার নিয়েই মাঠ ছাড়তে হতো বাংলাদেশকে। অন্য সেভটিও তিনিই দিয়েছেন।
এশিয়ান গেমসে বাংলাদেশের পথচলার শেষটা আসলে প্রথম দুই ম্যাচের হারে লেখা হয়। কেননা উত্তর কোরিয়ার বিপক্ষে শুরুটাই হয়েছিল ১০-০ ব্যবধানে হারে। ফিরতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলে হারে। বড় ব্যবধানে হারার পরেও কাগজে-কলমে শেষ আটে যাওয়ার সুযোগ ছিল।
সুযোগের সদ্ব্যবহার করার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মিয়ানমারের বিপক্ষে জয়। নিজেদের কাজটা করার পর প্রার্থনায় বসতে হতো, অন্য প্রতিদ্বন্দ্বীদের ম্যাচ যেন ড্র হয়। কিন্তু বাংলাদেশ নিজেদের কাজটাই ঠিকমতো করতে পারেনি। ফল যা হওয়ার, সেটাই হলো। এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়।
নিজস্ব প্রতিবেদক 
























