বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কও সময়ের পরিক্রমায় বিকশিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত ৩০তম মার্কিন ট্রেড শো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ কামাল হোসেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, যুক্তরাষ্ট্রের ৩০তম ট্রেড শো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ককে জোরালোভাবে তুলে ধরছে। তিন দশক ধরে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের পথচলা দেশের বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমকে সহজতর করেছে।
তিনি বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে স্বাস্থ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, আইসিটি ও ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, উৎপাদনশিল্প, শিক্ষা এবং কৃষিব্যবসা খাতের উদ্ভাবনী ধারণাগুলো তুলে ধরা হয়েছে।
এ সময় জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে তেল-গ্যাসক্ষেত্র অনুসন্ধানের জন্য মার্কিন কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান স্পিকার।
৩০তম ইউএস ট্রেড শো-২০২৬ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত অন্যতম প্রধান তিন দিনব্যাপী প্রদর্শনী। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে মার্কিন প্রতিনিধি, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও নির্বাহী সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
জ্যেষ্ঠ প্রতিবেদক 
























