রাঙামাটির রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ ও দুদকের কাছে রোগীদের দেওয়া অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আজ রোববার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাসপাতালে এ অভিযান চালায় দুদক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। রোগীদের দেওয়া অভিযোগ ও একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তাঁরা রাঙামাটির রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে যান। এ সময় হাসপাতালের বিভিন্ন নথি যাচাইয়ের পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন। অভিযানে সরকারি ওষুধ কেনা ও বিতরণসহ বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে রাঙামাটি দুদক সূত্রে জানা গেছে।
হাসপাতালে দুদকের অভিযানের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মেডিকেল অফিসার বলেন, ‘আমাদের গণমাধ্যমে কথা বলতে নিষেধ আছে। তাই আমি এ ব্যাপারে কোনো কথা বলতে পারব না। এ ব্যাপারে বক্তব্য দেবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) বা রাঙামাটির সিভিল সার্জন।’
দুদকের অভিযানের বিষয়ে বক্তব্য জানতে রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। দাপ্তরিক কাজে তিনি বাইরে আছেন বলে অফিস সূত্রে জানা গেছে। এ ছাড়া তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে কল করেও সাড়া পাওয়া যায়নি।
রাঙামাটি জেলা দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, ‘বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ ও রোগীদের একাধিক অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের ভিত্তিতে রাজস্থলী সদর হাসপাতালে অভিযানে যায় দুদকের একটি চৌকস দল। প্রাথমিকভাবে বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছি। সেগুলো যাচাই করে ঢাকায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে লিখিতভাবে পাঠানো হবে। পরবর্তী সময়ে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নিজস্ব প্রতিবেদক 






















