নওগাঁর মান্দা, সদর ও বদলগাছী উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) রাতভর মাদকবিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (১ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মান্দা থানার রঘুনাথপুর গ্রামে আরিফ হোসেনের (৩০) বাড়িতে অভিযান চালানো হয়। রোববার ভোর ৫টার দিকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাঁর বসতঘর তল্লাশি করে একটি স্টিলের ট্রাংকের ভেতর থেকে ৪ কেজি করে পাঁচটি প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর থানার কুমাইগাড়ী এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী মোশাররফের (৩৩) ঘরের চৌকির নিচে রাখা একটি বাজারের ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মোশাররফের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে বদলগাছী উপজেলার নেহিনপুর গ্রামে শিলংয়ের (২৩) বাড়িতে তল্লাশি চালায় ডিবি পুলিশের অভিযানিক দল। এ সময় তাঁর শয়নকক্ষ থেকে আরও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে শিলংয়ের সহযোগী হিসেবে উল্লেখ করা আরাফাতকে (২৩) গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তিনটি পৃথক অভিযানে মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।
আব্দুল মজিদ মল্লিক-নওগাঁ জেলা প্রতিনিধি 




















