যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। দেশটির অ্যাটর্নি কার্যালয়ের মেরিল্যান্ড ডিস্ট্রিক্ট গত ২৭ অক্টোবর এ তথ্য জানায়।
অভিযুক্ত বাংলাদেশির নাম মোহাম্মাদ হাসিবুর রহমান। ৩৩ বছর বয়সী হাসিবুর যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেন বলে অভিযোগ উঠেছে।
মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের অ্যাটর্নি কেলি ও হায়েস এবং এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জিমি পল যৌথভাবে এ তথ্য জানান।
তাঁদের ভাষ্য অনুযায়ী, হাসিবুর রহমান জানতেন যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তা সত্ত্বেও তিনি ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেন বলে অভিযোগ। ওই নির্বাচনে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনেটর ও হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগে দোষী সাব্যস্ত হলে হাসিবুর রহমানের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে। তবে ফেডারেল অপরাধের ক্ষেত্রে বাস্তবে সর্বোচ্চ সাজার চেয়ে কম সাজা হওয়ার নজির রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 























