অবৈধ ফুটপাত দখলের পক্ষে যত যুক্তি বা অজুহাতই দেখানো হোক না কেন, কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দুই দফায় পরিচালিত উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অভিযানকালে মূল সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মালামাল জব্দ করা হয়। এ অভিযানের মাধ্যমে জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত পুরো সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, “যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব। একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া ও গ্রেপ্তার করা হবে।”
তিনি আরও বলেন, “ঢাকার নাগরিকরা কী চান এবং দেশের সাধারণ মানুষের দাবি কী, দয়া করে সে অনুযায়ী জনমত গড়ে তুলুন। সারাদেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিতে পারবে না। জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্টসংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে। বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে। এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই।”
জ্যেষ্ঠ প্রতিবেদক 























