সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ২৯তম দিনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ফকিরবাজার উচ্চবিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন।
সহ-ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মাহিনুর ইসলাম মাহিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক বিশ্বজিৎ চন্দ্র দাস, সহকারী শিক্ষক পার্থ সেন, রাজিব দাস, আমিনুল ইসলাম এবং নিসচার দপ্তর সম্পাদক শাহাব উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহসভাপতি মার্জানুল ইসলাম এবং দুর্ঘটনা ও অনুসন্ধানবিষয়ক সম্পাদক আব্দুল হামিদ।
সমাবেশে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারের নিয়ম, জেব্রা ক্রসিং ও ফুটপাত ব্যবহারের গুরুত্ব, সড়কচিহ্ন, ট্রাফিক সিগন্যাল এবং মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তাসহ সড়কে চলাচলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করা হয়।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ে একটি ভয়াবহ মানবসৃষ্ট সামাজিক ব্যাধি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করাও অত্যন্ত জরুরি। চালক, পথচারী ও শিক্ষার্থী—সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সবার সমন্বিত উদ্যোগে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আজাদ বাহার জামালী-বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 





















