বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির সঙ্গে কী ঘটেছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘নিখোঁজের এক দিন পর বুধবার ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনায় আমি বিস্মিত ও গভীরভাবে মর্মাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে মহান আল্লাহ তাঁদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।’
তিনি আরও লেখেন, ‘আমি অবিলম্বে এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর সঙ্গে কী ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতির সামনে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাঁদের দ্রুত চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে।’
পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম মরহুম কে এম তাহসিফের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান।
নিজস্ব প্রতিবেদক 























