লক্ষ্মীপুরের কমলনগরে একই রাতে দুই বাড়িতে ডাকাতি ও তিন ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের কালা মসজিদসংলগ্ন নিমাই চক্রবর্তী ও ব্যবসায়ী মিল্লাত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ছাড়া একই রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারের আক্তার এন্টারপ্রাইজ, চৌধুরী ট্রেডার্স ও নিউ কালেকশনে চুরির ঘটনা ঘটে।
হাজিরহাট ইউনিয়নে ডাকাতির বিষয়ে বাড়ির মালিক জয়দেব চক্রবর্তী জানান, রাত আনুমানিক ৩টার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় নগদ ৬০-৬৫ হাজার টাকা ও আনুমানিক সাড়ে তিন ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটে নেয় তারা। স্বর্ণালংকার দিতে গড়িমসি করায় তার ভাই সুম চক্রবর্তী ও তার মাকে এলোপাতাড়ি মারধর করে ডাকাতরা।
একই সময়ে পাশের ব্যবসায়ী মিল্লাত হোসেনের বাড়িতে ঢুকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নেয় ডাকাত দল। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, ওই রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানের টিনের চালা কেটে আক্তার এন্টারপ্রাইজ থেকে নগদ ৩৩ হাজার টাকা, চৌধুরী ট্রেডার্স থেকে ২১ হাজার টাকা এবং নিউ কালেকশন থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে খুব শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 




















