কুড়িগ্রামের উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির একটি কার্ড নিয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে, যেখানে মৃত ব্যক্তির নামে দীর্ঘদিন ধরে সরকারি চাল উত্তোলনের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দুর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাবলু মিয়ার বিরুদ্ধে মৃত শাশুড়ি আমেনা বেগমের নামে বরাদ্দকৃত ১৬৯ নম্বর কার্ড ব্যবহার করে চাল আত্মসাতের অভিযোগ তুলেছেন পুত্রবধূ আম্বিয়া বেগম। গত ১৬ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করে তিনি গত সাড়ে তিন বছর ধরে সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হওয়ার দাবি করেছেন।
অভিযোগের নেপথ্যে অনুসন্ধানে জানা যায়, গোড়াই রঘুরায় জোলাপাড়া গ্রামের বাসিন্দা আম্বিয়া বেগমের শাশুড়ি আমেনা বেগম প্রায় সাড়ে তিন বছর আগে মারা যান। মৃত্যুর পর ওই কার্ডে দুই-তিনবার চাল তোলা হলেও পরবর্তীতে কার্ডটি বাতিল হয়ে গেছে বলে আম্বিয়া বেগমকে জানান অভিযুক্ত ইউপি সদস্য বাবলু মিয়া। আম্বিয়া বেগমের দাবি, স্বামী কিংবা নিজের নামে নতুন কার্ড করে দেওয়ার আশ্বাসে বাবলু মিয়া তার কাছ থেকে মূল কার্ড, জাতীয় পরিচয়পত্র এবং ছবি সংগ্রহ করেন, কিন্তু এরপর দীর্ঘ সময়েও আর নতুন কার্ড করে দেননি।
সাম্প্রতিক অনুসন্ধানে কার্ডটির সচল থাকার বিষয়টি নিশ্চিত হন ভুক্তভোগী আম্বিয়া বেগম। স্থানীয় খাদ্য অফিসে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, মৃত শাশুড়ির নামের ১৬৯ নম্বর কার্ডটি কাগজে-কলমে এখনো সচল রয়েছে। এরপর চাল বিতরণের ডিলার মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে বেরিয়ে আসে আসল তথ্য; ডিলারের ভাষ্যমতে, ওই কার্ডের চাল দীর্ঘদিন ধরে ইউপি সদস্য বাবলু মিয়াই উত্তোলন করে আসছেন।
নিজের বঞ্চনা ও ক্ষোভের কথা জানিয়ে আম্বিয়া বেগম বলেন, শাশুড়ি মারা যাওয়ার পর দুইবার চাল পেলেও মেম্বারের কথায় ভরসা করে মূল কার্ড ও কাগজপত্র তুলে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে খাদ্য অফিস ও ডিলারের কাছ থেকে প্রকৃত ঘটনা জানার পর ইউএনওর কাছে অভিযোগ করেন এবং অভিযুক্ত সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি ও আত্মসাৎকৃত চালের ক্ষতিপূরণ দাবি করেন। অভাবের সংসারে সরকারি এই সহায়তাটুকু পেলে কিছুটা হলেও স্বস্তি মিলত বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
ডিলার মো. শফিকুল ইসলামের বক্তব্যেও কার্ডটি ইউপি সদস্যের হাতে থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি জানান, এক বছর আগে ডিলারশিপ পাওয়ার পর থেকেই ইউপি সদস্য বাবলু মিয়া কার্ডটি নিয়ে এসে তার কাছ থেকে চাল তুলেছেন।
তবে এই গুরুতর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ইউপি সদস্য মো. বাবলু মিয়া। তার দাবি, তিনি আমেনা বেগম বা আম্বিয়া বেগমকে চেনেন না এবং তাদের কাছ থেকে কোনো ধরনের কাগজপত্রও নেননি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে উল্লেখ করে অভিযোগকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
এদিকে অভিযোগপত্র এখনো হাতে না পাওয়ার কথা জানিয়েছেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ। তিনি জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগী ওই নারীকে তার দপ্তরে আসার আহ্বান জানান।
বিশেষ প্রতিনিধি 

























