ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম ওরফে ‘ভাইরাস শহীদ’-কে নিবিড় জিজ্ঞাসাবাদ এবং ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও অর্থদাতাদের শনাক্তের দাবি জানানো হয়েছে। এ ঘটনায় মামলার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে একটি লিখিত আবেদন করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোটখারদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি মৃত আব্দুল মজিদ মোল্লার ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর জেলা কারাগারে আটক রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন চলাকালে উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তর ও থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে সরকারি স্থাপনা ও পুলিশের যানবাহনসহ বিভিন্ন সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
আবেদনে স্থানীয় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, ওই সহিংস ঘটনার নেপথ্যে দৈনিক প্রলয় পত্রিকার কথিত নির্বাহী সম্পাদক মো. শহিদুল ইসলামের ভূমিকা থাকতে পারে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ, বৈঠক এবং রাজনৈতিক কর্মসূচি ঘিরে তৎপরতার বিষয়গুলো তদন্তের আওতায় আনার অনুরোধ জানানো হয়।
পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদন অনুযায়ী, ভাঙ্গা থানার এফআইআর নং-১৩, তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং-২৮৫ মামলায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ১৮৬, ৩৭৯, ৩৮০, ৩৫৩, ৪২৭, ৩৪ ও ৪৩৬ ধারাসহ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া পুলিশ রেকর্ড (পিসিপিআর) অনুযায়ী, ২০২১ সালের জুন মাসে ভাঙ্গা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা দুটি পৃথক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথম মামলায় চার্জশিট দাখিলের পর সেটি বিচারাধীন রয়েছে। দ্বিতীয় মামলায় দাখিল করা চার্জশিট থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার তথ্য পুলিশ রেকর্ডে উল্লেখ রয়েছে।
আবেদনে আরও দাবি করা হয়, ময়মনসিংহ, গাজীপুর, জামালপুর, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও নরসিংদীসহ বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও সাইবার অপরাধসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ময়মনসিংহে মামলা নং-৩৪৯/২৬ ও ৭৫৪/২৫, গাজীপুরে ৪৫৫/২৬, জামালপুরে ৩৪৪/২৬, ঢাকা মহানগরে ৭(৭)/২০২৬, চট্টগ্রামে সাইবার মামলা নং-২০৭, কক্সবাজার আদালতে ৩২২/২৬ এবং নরসিংদী আদালতে ২৪৫/২৬ নম্বর মামলার কথা উল্লেখ করা হয়েছে। এসব মামলার বর্তমান অবস্থা ও অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট আদালত ও তদন্ত সংস্থার নথির মাধ্যমে যাচাইয়ের দাবি জানানো হয়েছে।
আবেদনে দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে শহিদুল ইসলামের নিয়োগসংক্রান্ত একটি সরকারি চিঠির বিষয়ও তুলে ধরা হয়েছে। এতে জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা, প্রকাশনা শাখার স্মারক নম্বর ০৫.৪১.২৬০০.০০০.০২৫.৫৩.০০৯২.২৫.৩৬৫, তারিখ ১ জুলাই ২০২৬-এর বরাত দিয়ে বলা হয়, তাঁর নিয়োগসংক্রান্ত অভিযোগ যাচাই করে মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য সিটিএসবি ঢাকাকে নির্দেশনা দেওয়া হয়েছিল।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে একটি মানববন্ধনে আপত্তিকর মন্তব্যের অভিযোগের বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পত্রিকাটির পরিচয় ও তথ্য গোপন করে সরকারি গণমাধ্যম তালিকাভুক্তির (ডিএফপি) প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টার অভিযোগের সত্যতা যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে, গ্রেপ্তারের পর ফরিদপুর জেলা কারাগারে শহিদুল ইসলামের সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাক্ষাৎ এবং তাঁকে জামিনে মুক্ত করার জন্য কয়েকজনের তদবিরের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে বলে আবেদনে উল্লেখ করা হয়। এ ক্ষেত্রে সাবেক ছাত্রলীগ নেতা ও দৈনিক প্রলয় পত্রিকার প্রধান সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা এবং সাবেক ছাত্রলীগ নেতা মো. আনিসুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। কারাগারে কারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করছেন, সাক্ষাতের উদ্দেশ্য কী এবং কেউ মামলার তদন্ত বা বিচারিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়।
এ ছাড়া ২০১৭ সালের ২২ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত একটি কর্মসূচিতে তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও আবেদনে তুলে ধরা হয়েছে। ওই কর্মসূচির আয়োজক, অর্থদাতা, পরিকল্পনাকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ভিডিও ফুটেজ, ছবি এবং অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে মোট ছয়টি বিষয়ে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—ভাঙ্গার সহিংসতার ঘটনায় শহিদুল ইসলামের প্রকৃত ভূমিকা নির্ধারণ, নেপথ্যের পরিকল্পনাকারী ও অর্থদাতাদের শনাক্তকরণ, আইনানুগভাবে নিবিড় জিজ্ঞাসাবাদ, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য যাচাই, কারাগারে সাক্ষাৎ ও সম্ভাব্য প্রভাব বিস্তারের বিষয়টি তদন্ত এবং সংশ্লিষ্ট অন্যান্য মামলার তথ্য সমন্বয় করা।
এ ছাড়া আইনগত এখতিয়ার ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলের মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদের বিষয়টিও বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
আবেদনের শেষাংশে বলা হয়, রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, সরকারি সম্পত্তি ধ্বংস, অগ্নিসংযোগ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য কাম্য নয়। তবে অভিযুক্ত ব্যক্তির সাংবিধানিক ও আইনগত অধিকার অক্ষুণ্ন রেখে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অপরাধে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে নিরপেক্ষ ও গভীর তদন্তের দাবি জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

























