বাংলাদেশ কমার্স ব্যাংকের ১০০ কোটি টাকা আমানত সংগ্রহের বিপরীতে ৪ কোটি টাকা ব্যয়ের ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হলেও অর্থ প্রদানের সিদ্ধান্ত, অনুমোদন, হিসাব স্থানান্তর ও উত্তোলনের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের দায় নির্ধারণ নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরিচালিত একটি কর্মসূচির দায় এখন কয়েকজন কর্মকর্তার ওপর চাপানো হচ্ছে। বিশেষ করে অর্থ গ্রহণ, উত্তোলন কিংবা বিতরণের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না থাকা সত্ত্বেও দেলোয়ার হোসেনকে শাস্তির মুখে পড়তে হয়েছে। তাকে এককভাবে দায়ী করা হচ্ছে বলেও অভিযোগ সংশ্লিষ্টদের। এমনকি দেলোয়ার হোসেনের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টেও ওই টাকা লেনদেনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
গত ১৫ নভেম্বর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক লিখিত বক্তব্যে নিজের অবস্থান তুলে ধরেন দেলোয়ার হোসেন। তার দাবি, এমডির নির্দেশে টাকা বহনকারী গাড়িতে অবস্থান করে ছিলেন তিনি। আমানত সংগ্রহের প্রক্রিয়া, অর্থের ব্যবহার কিংবা অর্থ উত্তোলনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। এমনকি এ ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে কোনো আর্থিক সুবিধাও গ্রহণ করেননি।
লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ কমার্স ব্যাংক তীব্র তারল্য সংকটে পড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় আমানত সংগ্রহের লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। পাশাপাশি আমানত সংগ্রহের বিপরীতে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়ে ‘ডিপোজিট ক্যাম্পেইন উজ্জীবন-২০২৬’ চালু করা হয়।
তার বক্তব্য অনুযায়ী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় ২০২৬ সালের ৩ জুন ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখায় এসটিডি হিসাবে ১০০ কোটি টাকা আমানত জমা হয়। এ আমানতের সুদের হার ছিল ২ দশমিক ৫০ শতাংশ। আমানত সংগ্রহের ব্যয় হিসেবে ৪ কোটি টাকা নির্ধারণের বিষয়টি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে এসপিও ও এমডির একান্ত সচিব হামিদুর রহমান এবং মার্কেটিং বিভাগের কর্মকর্তা সালেহ আহমেদ সংশ্লিষ্টদের জানান। এ বিষয়ে তারা আরও ১১ জন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন।
দেলোয়ার হোসেনের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছিল, সংগৃহীত আমানতের নির্দিষ্ট অংশের বিপরীতে তাদের নামে ডিপোজিট সার্টিফিকেট ইস্যু করা হবে। পাশাপাশি উজ্জীবন ক্যাম্পেইনের আওতায় পুরস্কারের অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ হিসাবে ক্রেডিট অ্যাডভাইসের মাধ্যমে জমা দেওয়া হবে। পরে চেকের মাধ্যমে সেই অর্থ উত্তোলন করে দিতে হবে। তার দাবি, এসব অর্থ প্রদান ও উত্তোলনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের অনুমোদনের বিষয়টিও উল্লেখ ছিল।
চিঠিতে তিনি আরও দাবি করেন, আমানত সংগ্রহের বিষয়টি পরিচালনা পর্ষদকে আগেই অবহিত করেছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক। এ বিষয়ে কার্যোত্তর অনুমোদনের জন্য পর্ষদে স্মারকলিপিও উপস্থাপন করা হয়। শুধু তা-ই নয়, ‘ডিপোজিট ক্যাম্পেইন উজ্জীবন-২০২৬’-এর সময়সীমা বাড়ানোর বিষয়েও পরিচালনা পর্ষদে স্মারকলিপি দেওয়া হয়েছিল।
দেলোয়ার হোসেনের বক্তব্য অনুযায়ী, ব্যাংকের তারল্য সংকট ও আমানত সংগ্রহের ব্যয় সম্পর্কে পরিচালনা পর্ষদকে অবহিত করা হয়েছিল। ২ দশমিক ৫০ শতাংশ সুদে ১০০ কোটি টাকা আমানত সংগ্রহ এবং এর বিপরীতে অতিরিক্ত ৪ শতাংশ অর্থ মধ্যস্থতাকারীকে দেওয়ার বিষয়টিও পর্ষদকে জানানো হয়। এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক চলতি বছরের ২ জুলাই পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে চিঠি দেন।
এ ছাড়া ব্যবস্থাপনা কর্তৃপক্ষের স্বাক্ষরিত ২৩৬/২০২৬ নম্বর স্মারকলিপির মাধ্যমে ৬ আগস্ট ‘ব্যাংকের বর্তমান তারল্য সংকট, আর্থিক পরিস্থিতি এবং উজ্জীবন আমানত ক্যাম্পেইন সার্বিক প্রতিবেদন’ শিরোনামে পরিচালনা পর্ষদকে অবহিত করা হয়। ১৮ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৩৪ নম্বর সভায় বিষয়টি অবগত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি।
ব্যাংকের ৩ জুনের একটি নথিতেও আমানত সংগ্রহের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, তীব্র তারল্য সংকটের কারণে দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, আরটিজিএস, বিইএফটিএন ও ক্লিয়ারিং কার্যক্রম সচল রাখা, সিআরআর ও এসএলআর সংরক্ষণ এবং বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধে বড় অঙ্কের আমানত সংগ্রহ জরুরি হয়ে পড়েছিল।
ওই নথিতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কর বাবদ ৫৩ কোটি ২০ লাখ টাকা এবং ভ্যাট বাবদ ৩ কোটি ৯৫ লাখ টাকা, অর্থাৎ মোট ৫৭ কোটি ১৫ লাখ টাকা বকেয়া থাকার কথাও উল্লেখ করা হয়। ‘উজ্জীবন’ কর্মসূচির মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর পাশাপাশি ৫ কোটি টাকা বা তার বেশি পরিমাণ নো-কস্ট ও লো-কস্ট আমানত সংগ্রহে প্রতি ত্রৈমাসিকে শূন্য দশমিক ৭৫ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত প্রণোদনা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।
ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে পাঠানো আরেকটি প্রতিবেদনে তারল্য সংকটের কারণ হিসেবে নেতিবাচক প্রচারণা, আমানত উত্তোলন, ব্যাংক একীভূতকরণ নিয়ে অনিশ্চয়তা, আন্তঃব্যাংক কলমানি বাজারে সীমাবদ্ধতা এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা আমানতের কথা উল্লেখ করা হয়।
প্রতিবেদনের হিসাব অনুযায়ী, সাতটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে মূল আমানত ও সুদসহ বাংলাদেশ কমার্স ব্যাংকের পাওনা ১ হাজার ১৬৮ কোটি ৯৮ লাখ টাকা। অন্যদিকে পাঁচটি ব্যাংকে আটকে রয়েছে ৪১৪ কোটি ৭৭ লাখ টাকা। সব মিলিয়ে ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যাংকটির পাওনার পরিমাণ ১ হাজার ৫৮৩ কোটি ৭৫ লাখ টাকা।
দেলোয়ার হোসেনের দাবি, আমানত সংগ্রহের পুরো প্রক্রিয়ার কোনো পর্যায়েই তিনি যুক্ত ছিলেন না। এমনকি কোনো অর্থ উত্তোলনও করেননি। কেবল ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে তার ব্যবহৃত ওই টাকা বহনকারী গাড়িতে অবস্থান করে ছিলেন তিনি। এ সময় ব্যবস্থাপনা পরিচালকের গাড়িচালক ও পিএস হামিদুর রহমানের সঙ্গে ছিলেন তিনি। টাকা কোথায় বা কার কাছে দেওয়া হবে, সে বিষয়েও তার কোনো ধারণা ছিল না।
তিনি আরও দাবি করেন, ব্যক্তিগতভাবে কোনো আর্থিক সুবিধা গ্রহণ করেননি এবং আমানতকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজও করেননি। এরপরও সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিয়ে শুধু টাকা বহনের গাড়িতে অবস্থান করার কারণে তাঁকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। তার মতে, এ সিদ্ধান্ত অন্যায় ও অগ্রহণযোগ্য। এতে তিনি সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি মানসিকভাবেও প্রচণ্ড কষ্ট পাচ্ছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, বিতর্কিত ৪ কোটি টাকার কোনো অংশ দেলোয়ার হোসেনের ব্যক্তিগত হিসাবে জমা হয়নি। তিনি অর্থ গ্রহণ, উত্তোলন কিংবা বিতরণেও অংশ নেননি। এমনকি লেনদেনের কোনো ভাউচার বা আর্থিক নথিতে তাঁর স্বাক্ষরও পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের অডিট কর্মকর্তারা লেনদেনের ভাউচার ও আর্থিক নথিপত্র পরীক্ষা করেছেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে তার ব্যবহৃত গাড়িতে চালক ও পিএসের সঙ্গে যাওয়া ছাড়া কোনো প্রত্যক্ষ আর্থিক ভূমিকা না থাকলে দেলোয়ার হোসেনকে কেন সাময়িক বরখাস্ত করা হলো। অর্থ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ, অনুমোদন, হিসাব স্থানান্তর এবং উত্তোলনের সঙ্গে যাঁরা সরাসরি যুক্ত ছিলেন, তাদের জবাবদিহি কীভাবে নিশ্চিত করা হচ্ছে।
ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য ও কর্মকর্তাদের বক্তব্যে অর্থ জমার ক্ষেত্রে ১৩ জন কর্মকর্তার ব্যাংক হিসাব ব্যবহারের কথা বলা হয়েছে। অন্যদিকে গত ২৮ অক্টোবর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া একটি চিঠিতে ১৪ কর্মকর্তা সম্মিলিতভাবে নিজেদের অবস্থান তুলে ধরে দায়মুক্তি চেয়েছেন। তাঁদের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করেই তারা পুরো প্রক্রিয়ায় যুক্ত হয়েছিলেন। তাঁদের হিসাবে প্রণোদনার অর্থ জমা হলেও তাঁরা ব্যক্তিগতভাবে তা গ্রহণ করেননি।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে এমডির একান্ত সচিব হামিদুর রহমান তাদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের জানানো হয়েছিল, আমানত সংগ্রহের বিপরীতে প্রত্যেকের নামে সার্টিফিকেট ইস্যু করা হবে এবং পুরস্কারের অর্থ নিজ নিজ হিসাবে জমা হবে। পরে চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করে সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে দিতে বলা হয়।
তারা আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল সংশ্লিষ্ট নথিপত্র, ভাউচার, জিএল ডেবিটের মাধ্যমে ১৩ জনের হিসাবে অর্থ স্থানান্তর এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাঠানো চিঠি যাচাই করেছেন, যা পরিদর্শন প্রতিবেদনেও উল্লেখ রয়েছে। অথচ এসব লেনদেন ও নথিতে দেলোয়ার হোসেনের কোনো স্বাক্ষর বা অনুমোদন না থাকলেও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তাই নথিপত্র পুনরায় যাচাই করে তাঁকে অভিযোগ ও শাস্তিমূলক ব্যবস্থার আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন কমার্স ব্যাংকের কর্মকর্তারা।
আমানত সংগ্রহের ব্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিরীক্ষা করে। এ সময় প্রধান শাখার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সেখানে টাকা বহনের কাজে দেলোয়ার হোসেনের উপস্থিতি দেখা যায় বলে তাঁর লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে দেলোয়ার হোসেন উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ১২ জনের বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক শাস্তির পাশাপাশি তাঁকে ও হামিদুর রহমানকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদও সে অনুযায়ী নির্দেশনা দিয়েছে বলে তিনি দাবি করেন।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য, ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা না নেওয়া এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অযৌক্তিক। অর্থ প্রদানের সিদ্ধান্ত ও অনুমোদনের সঙ্গে যাঁদের সরাসরি সম্পৃক্ততা ছিল, তাদের ভূমিকা যথাযথভাবে যাচাই না করে অধস্তন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের।
কমার্স ব্যাংকের একাধিক কর্মকর্তাদের ভাষ্যমতে, ১০০ কোটি টাকা আমানত সংগ্রহের বিপরীতে ৪ কোটি টাকা প্রদানের পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদনেই সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে হেড অফিসের জিএল হিসাব ডেবিট করে ১৩ জনের হিসাবে অর্থ জমা দেওয়া হয়। বিষয়টি পরিচালনা পর্ষদকেও অবহিত করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষায় এসব নথি ও অনুমোদনের বিষয়টি দেখার পরও মূল সিদ্ধান্ত গ্রহণকারী ও অনুমোদনকারীদের দায় নির্ধারণ না করে শুধু টাকা বহনকারী গাড়িতে ওঠার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মতে, বাংলাদেশ ব্যাংক ও কমার্স ব্যাংক—উভয় পক্ষেরই উচিত পুরো লেনদেনের সঙ্গে জড়িত সবার ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের শীর্ষ পর্যায়ে পরিবর্তন এলেও পুরোনো প্রভাববলয় ও বিতর্কের অবসান হয়নি বলে অভিযোগ উঠেছে। ব্যাংকের অভ্যন্তরীণ একাধিক সূত্রের দাবি, পর্ষদের শীর্ষ পর্যায়ে পরিবর্তন হলেও আগের নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রভাব এখনো অক্ষুণ্ন রয়েছে।
বিশেষ করে পর্ষদের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অডিট কমিটির দায়িত্ব ও এখতিয়ারের বাইরে গিয়ে ব্যাংকের প্রশাসনিক ও ব্যবসায়িক সিদ্ধান্তে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। বিশেষ নিরীক্ষার নামে কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি, পছন্দের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা এবং উচ্চপর্যায়ে যোগাযোগের পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
সংশ্লিষ্টদের অভিযোগ, ওই কর্মকর্তার কর্মকাণ্ডে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় প্রধানদের পেশাগত স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। ব্যাংকের আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিবর্তে অডিট কার্যক্রমকে ব্যক্তিগত প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগও রয়েছে।
ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রের দাবি, পর্ষদের ওই শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে থাকেন। পেশাগত সনদ ও কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপর্যায়ে যোগাযোগের বিষয়টি সামনে এনে তিনি ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, সাবেক পর্ষদ চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁদের বিদায়ের পরও ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার প্রভাব কমেনি। এমনকি নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যানের নিয়োগেও নিজের ভূমিকা রয়েছে এবং তারা তার মতামতের বাইরে যেতে পারবেন না—এমন বক্তব্যও দিয়ে থাকেন ওই শীর্ষ কর্মকর্তা বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ব্যাংকের চলমান তারল্য সংকট মোকাবিলায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন উদ্যোগে বাধা সৃষ্টির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এর অন্যতম ‘উজ্জীবন’ নামে আমানত সংগ্রহ কর্মসূচি।
ব্যাংক সংশ্লিষ্ট সূত্রের দাবি, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগ ও পরিচালনা পর্ষদের অনুমোদনে চালু হওয়া কর্মসূচিটির মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়। কিন্তু পরবর্তী সময়ে পর্ষদ সভায় ওই শীর্ষ কর্মকর্তার বিরোধিতা এবং আপত্তি নথিভুক্ত করার কারণে কর্মসূচিটির বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। এতে ব্যাংকের আমানত সংগ্রহ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
বিভিন্ন শাখায় আমানত সংগ্রহ ও স্বাভাবিক ঋণ বিতরণ কার্যক্রমেও তাঁর হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। তারল্য সংকটে থাকা একটি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে এ ধরনের প্রতিবন্ধকতা ব্যাংকের পুনরুদ্ধার উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করছেন ব্যাংক কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা বলছেন, কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্যই স্বাধীন পরিচালক। এ কারণে ব্যাংকের অভ্যন্তরীণ অনেক বিষয়ে পরিচালকরা যে যার মতো সিদ্ধান্ত নিচ্ছেন। প্রকৃত শেয়ারহোল্ডাররা ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না বলেও তাঁদের দাবি।
জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশন থেকে কম সুদে ১০০ কোটি টাকা আমানত সংগ্রহের বিনিময়ে ‘আপ্যায়ন’ বাবদ ৪ কোটি টাকা ব্যয়ের বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক নিজেই একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে উল্লেখ করেন। পরবর্তী সময়ে পরিচালনা পর্ষদ ওই ব্যয়ের অনুমোদন দেয়। প্রতিবেদনে এভাবে আমানত সংগ্রহের বিষয়টিকে ব্যাংকের সাফল্য হিসেবেও তুলে ধরা হয়।
এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল হক বলেছিলেন, খুবই কম সুদে গাজীপুর সিটি করপোরেশনের আমানত রাখা হয়েছে। কর্মকর্তারা যে অর্থ পেয়েছেন, তা প্রণোদনা হিসেবেই দেওয়া হয়েছে। আমাদের বোর্ডের এ ধরনের প্রণোদনা প্যাকেজসংক্রান্ত সিদ্ধান্তগুলো লিখিত বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানানো হবে।
এদিকে ব্যাংকের জিয়া পরিষদ ইউনিটের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সাময়িক বরখাস্তের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিয়া পরিষদ বাংলাদেশ কমার্স ব্যাংক ইউনিট। সংগঠনটির নেতৃবৃন্দের দাবি, তার বিরুদ্ধে প্রত্যক্ষ আর্থিক সম্পৃক্ততার প্রমাণ ছাড়াই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁরা অবিলম্বে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার এবং পুরো লেনদেনের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
গত ২৮ অক্টোবর বিষয়টির সুরাহা চেয়ে সম্মিলিত স্বাক্ষরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছিল বলে দেলোয়ার হোসেনের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১০০ কোটি টাকার আমানত সংগ্রহকে কেন্দ্র করে ৪ কোটি টাকার লেনদেনের ঘটনায় দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অথচ অর্থ গ্রহণ, উত্তোলন কিংবা বিতরণের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। প্রকৃত ঘটনা ও দায়ীদের চিহ্নিত না করে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ দায় চাপানোর জন্য দেলোয়ার হোসেনকে বেছে নিয়েছে। নিজেদের ব্যর্থতা ও দায় আড়াল করতেই তাঁকে এককভাবে দায়ী করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অভিযোগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অনিয়ম প্রতিরোধ ও দমনে বাংলাদেশ কমার্স ব্যাংককেই কার্যকর ভূমিকা রাখতে হবে। ব্যাংকটির নিজস্ব ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক তা তদন্ত করে দেখবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, ১০০ কোটি টাকার আমানত সংগ্রহ এবং এর বিপরীতে ৪ কোটি টাকা প্রদানের পুরো প্রক্রিয়ায় কার কী ভূমিকা ছিল, তা নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। বিশেষ করে অর্থ ব্যয়ের সিদ্ধান্ত, অনুমোদন, হিসাব স্থানান্তর ও উত্তোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায় নির্ধারণ না করে শুধু একজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে প্রকৃত দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা কঠিন হবে।
এ বিষয়ে বাংলাদেশ কমার্স ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ ব্যাংক বরাবরই বলে আসছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে কমার্স ব্যাংকের ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ না মিললেও তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় খাতসংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের ভূমিকা এবং কমার্স ব্যাংকের আর্থিক সচ্ছলতা ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ কমার্স ব্যাংক একসময় ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর একটি হিসেবে আলোচনায় ছিল। ব্যাংকটির অর্ধেকের বেশি শেয়ার সরকারের হাতে রয়েছে। সম্প্রতি ব্যাংকটির আর্থিক অবস্থা ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে।
নিজস্ব প্রতিবেদক 






















