নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকায় গভীর রাতে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহ জহিরুল হক নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে পাহাড় কেটে মাটি ও বালু পাচার করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১১ নভেম্বর) বুধবার গভীর রাত আনুমানিক ২টার দিকে নবীগঞ্জ উপজেলায় এ বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(খ) ধারার লঙ্ঘন প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত শাহ জহিরুল হককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি এ ঘটনায় একটি নিয়মিত মামলাও দায়ের করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। আইনশৃঙ্খলা রক্ষা ও পাহাড় কাটা রোধে এ অভিযানে তাঁকে সার্বিক সহযোগিতা করেন এসআরবি (SRB) এবং নবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরিবেশ ও প্রকৃতি রক্ষায় পাহাড় কাটার মতো অপরাধের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
মো. সফিকুল ইসলাম নাহিদ-নবীগঞ্জ 




















