ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই আব্দুল জলিল (৬৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত সহিদ ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজেদের বাগান থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে ক্ষিপ্ত হয়ে বড় ভাই সহিদ ছোট ভাই জলিলকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং সুপারি গাছের সঙ্গে তাঁর গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে লালমোহন থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সহিদকে আটক করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আপন ভাইয়ের হাতে আরেক ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তুচ্ছ সুপারি পাড়াকে কেন্দ্র করে এমন প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বড় ভাই সহিদকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিয়াজ ফরাজী (ভোলা) বোরহানউদ্দিন 




















