বগুড়ার কাহালুতে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—কাহালু উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শামছুজোহা খান রাবু (৫০), কাহালুর মুরইল ইউনিয়ন পরিষদের সদস্য ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক (৫৪) এবং পাইকড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা সারোয়ার কাজী (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শামছুজোহা খান রাবুকে মঙ্গলবার (১০ নভেম্বর) কাহালু বাজার এলাকা থেকে এবং আবু বক্কর সিদ্দিককে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন বিকেলে সারোয়ার কাজীকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, শামছুজোহা খান রাবু কাহালু সদর ইউনিয়নের সাকোহালী গ্রামের মৃত মমতাজ খানের ছেলে। আবু বক্কর সিদ্দিক উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর টুপিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলী ওরফে খোশের ছেলে। অপরদিকে, সারোয়ার কাজী উপজেলার পাইকড় ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত সাদেক কাজীর ছেলে।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো বলেন, ‘নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।’
নিজস্ব প্রতিবেদক 




















