২০২৬ বিশ্বকাপে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার জন্য বছরটি স্মরণীয় হয়ে থাকল আরেকটি অর্জনে। চিলির ক্লাব কোলো-কোলোর জার্সিতে ট্রফি জিতেছেন তিনি।
রোববার ঘরোয়া লিগের ২৭তম রাউন্ডে নুবলেন্সেকে ২-১ গোলে নাটকীয়ভাবে হারিয়েছে কোলো-কোলো। টানা তৃতীয় ম্যাচে শুরুর একাদশে জায়গা পান ভোজিনহা। ক্লাবটির হয়ে সব মিলিয়ে ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে ৪০ বছর বয়সী এই গোলকিপার গুরুত্বপূর্ণ সেভে দলের জয়ে অবদান রাখেন।
বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি উধাও হয়ে যায়। তবে এবার ক্লাবের হয়ে শিরোপা জয়ের আনন্দে মাতলেন তিনি।
ম্যাচের ৯৭তম মিনিটে দুর্দান্ত এক সেভে দলকে তিন পয়েন্ট এনে দেন ভোজিনহা। এর আগে স্টপেজ টাইমে জাভিয়ের কোরেয়ার কাটব্যাক থেকে ছয় গজ বক্সের ভেতর জয়সূচক গোল করেন মার্কোস বোলাদোস। তার আগে সাবেক বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা মিডফিল্ডার আরতুরো ভিদাল ১৩তম মিনিটে গোল করে কোলো-কোলোকে এগিয়ে নেন। তবে ২৯তম মিনিটে লুকাস মলিনা সমতা ফেরান।
তিন ম্যাচ হাতে রেখে কোলো-কোলোর পয়েন্ট ৬১। দ্বিতীয় স্থানে থাকা ইউনিভার্সিদাদ দে চিলির পয়েন্ট ৫১। বাকি তিন ম্যাচ জিতলেও কোলো-কোলোর সমান পয়েন্টে পৌঁছাতে পারবে না তারা।
শেষ বাঁশি বাজার পর ট্রফি হাতে নিয়ে ভোজিনহা বলেন, ‘আমার জীবন ও ক্যারিয়ারজুড়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তারই চূড়ান্ত পরিণতি এটি।’
আগামী মৌসুমের কোপা লিবার্তাদোরেস অভিযানে ক্লাবটির সঙ্গে থাকবেন কি না, এমন প্রশ্নে কেপ ভার্দের এই আন্তর্জাতিক তারকা বলেন, ‘আজ উদযাপনের দিন। পরে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব। এই শিরোপা আমার পুরো পরিবার ও কেপ ভার্দের জন্য।’
বিশ্বকাপে বীরত্ব দেখানোর পর ভোজিনহা কোলো-কোলোর সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের চুক্তি করেন। তবে প্রাথমিক চুক্তিতে স্বয়ংক্রিয়ভাবে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল। ফলে ২০২৭ সালের শেষ পর্যন্ত সান্তিয়াগোর ক্লাবে থাকার সুযোগ রয়েছে তাঁর সামনে।
ক্রীড়া ডেস্ক 

























