জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি চলমান শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের যে চক্রান্ত চলছে, তিনি তার তীব্র প্রতিবাদ জানান। তিনি মনে করেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ যেন কোমলমতি শিশুদের শিক্ষার অধিকার ও নিরাপদ শিক্ষার পরিবেশের ওপর কালো ছায়া ফেলতে না পারে।
বিষয়টি সামনে আসার পর প্রশাসনের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজা জরুরি হয়ে পড়েছে। এম. আর. এগ্রো ইন্ডাস্ট্রিজের বর্তমান ট্রেড লাইসেন্সে আটা-ময়দা ও পশুখাদ্য উৎপাদনের অনুমোদিত ব্যবসার বিবরণ রয়েছে কি না, প্রতিদিন বিপুল পরিমাণ গম প্রক্রিয়াজাতকরণের সক্ষমতার জন্য খাদ্য অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স আছে কি না, কিংবা পশুখাদ্য উৎপাদনের জন্য প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের পৃথক অনুমোদন নেওয়া হয়েছে কি না—তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) বা পরিবেশগত সমীক্ষা সম্পন্ন হয়েছে কি না এবং কারখানাটির শব্দদূষণ, ধুলাবালি ও কম্পন পরিমাপ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। এ ছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিবন্ধন, উৎপাদিত পণ্যের মান পরীক্ষার জন্য বিএসটিআই সনদ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে কারখানা স্থাপনে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয়েছিল কি না, সেই সত্যতাও উদ্ঘাটন করা দরকার।
এই উদ্ভূত পরিস্থিতিতে সাহারবাজার আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামসুজ্জোহা প্রামাণিক গত ১ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গাইবান্ধা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়েও পাঠানো হয়েছে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, জমিসংক্রান্ত বিরোধের নিরপেক্ষ তদন্ত এবং শিল্পকারখানার প্রয়োজনীয় অনুমোদন যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারের দাবি—গাইবান্ধা জেলা প্রশাসন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পরিবেশ অধিদপ্তর, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সমন্বয়ে একটি নিরপেক্ষ যৌথ তদন্ত কমিটি গঠন করা হোক। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এই শিল্পকারখানা স্থাপনের বৈধতা, পরিবেশগত নিরাপত্তা এবং প্রয়োজনীয় সব লাইসেন্স যাচাই করে প্রকৃত চিত্র জনসমক্ষে প্রকাশ করা অত্যন্ত জরুরি। কারণ, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা ও শিল্পায়ন যেমন প্রয়োজন, তেমনি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও রাষ্ট্রের অন্যতম মৌলিক ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনো ব্যবসায়িক বিরোধ বা ব্যক্তিগত স্বার্থের কারণে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোনোভাবেই অনিশ্চয়তার মুখে পড়তে পারে না।
শহীদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি 





















