লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এ দুর্ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন জেলার চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা মানছুরা বেগম ও বাবুল হোসেন। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। এ ছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন নিয়ে বৃদ্ধ আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগমকে সদর হাসপাতালে আনা হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করা সত্ত্বেও তিনি গতি কমাননি। একপর্যায়ে ঘটনাস্থলে বাসটি উল্টে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে। বাসটি বেপরোয়া গতিতে চলছিল। বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরানো হয়েছে। আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় ৩ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
হুমায়ুন কবির-নিজস্ব প্রতিবেদক 





















