কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকারের বাজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা বাজির সিজার মূল্য ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীন শিবেরবাজার বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার কালিবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকারের বাজি আটক করা হয়।
আটক করা বাজির সিজার মূল্য ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা (তেষট্টি লাখ ঊননব্বই হাজার পাঁচশত)।
বিজিবি জানায়, আটক করা চোরাচালানি মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 






















