কুমিল্লা জেলায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে একযোগে অভিযান চালিয়ে ২৯৯ জনকে আটক করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় গত ৪ নভেম্বর সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে এ অভিযানে অংশ নেয়।
কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায়, বিশেষ করে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই শেষে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া ১৪০ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সূত্রে আরও জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে ৪ নভেম্বর পর্যন্ত মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধ, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 






















