জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ সদস্য।
বুধবার (৪ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে কঙ্গোর উদ্দেশে রওনা হন তারা।
বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান। তাদের সাফল্য কামনায় বিমানবন্দরে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিদায় জানান।
কঙ্গোতে সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
এই মিশনকে সামনে রেখে গত ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কঙ্গোগামী বিমান বাহিনীর কন্টিনজেন্ট সদস্যদের পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
জ্যেষ্ঠ প্রতিবেদক 
























