চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আদালতের রায় ও ডিক্রির জাল কপি দাখিল করে জমির রেকর্ড সংশোধনের আবেদন করার ঘটনায় মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসে বিবিধ মামলার শুনানিকালে এ ঘটনা ঘটে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, শুনানির একপর্যায়ে বাদীপক্ষের আদালতের রায় ও ডিক্রির আলোকে ১৪৩ ধারায় রেকর্ড সংশোধনের আবেদনের সঙ্গে দাখিল করা রায় ও ডিক্রির ফটোকপি যাচাই করতে গিয়ে বিচারকের স্বাক্ষরসহ কাগজপত্র সন্দেহজনক মনে হয়। পরে বাদীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দাখিল করা রায় ও ডিক্রির কপি সঠিক নয় বলে স্বীকার করেন। অন্যদিকে, মামলার বিবাদীপক্ষ আদালতের রায় ও ডিক্রির সঠিক কপি দাখিল করেন।
এ ঘটনায় শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারার বিধান অনুযায়ী বাদী মো. রফিকুল ইসলামকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আখতার উদ্দিন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা জানান, ভূমিসেবা সহজীকরণ ও স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভূমি অফিসের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
রায় ঘোষণার পর ভূমি অফিসে উপস্থিত অন্যান্য সেবাগ্রহীতাদের সতর্ক করে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা স্পষ্ট জানিয়ে দেন, কোনো অবস্থাতেই যেন কেউ ভুয়া বা নকল কাগজপত্র দিয়ে নামজারি কিংবা মিস কেসের আবেদন না করেন। এ ধরনের অনিয়ম ও জালিয়াতির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।
মোহাঃ রকিব উদ্দীন-স্টাফ রিপোর্টার 






















