সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারীর কণ্ঠশিল্পী স্বপ্না সরকার। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে এসব কথা বলেন শিল্পী স্বপ্না সরকার।
সংবাদ সম্মেলনে স্বপ্না সরকার বলেন, “গত ৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে একটি ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে ‘আনজুয়ারা সুমি’ নামের একটি ফেসবুক আইডি থেকে আমাকে জড়িয়ে চরম মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে দেওয়া হয়। শুধু তা-ই নয়, আনজুয়ারা সুমি (মমতাজ খ্যাত সুমি শেখ) নীলফামারী জেলা প্রেসক্লাবকে না জানিয়ে কিশোরগঞ্জ থেকে কয়েকজন সাংবাদিক এনে আমার বিরুদ্ধে একপেশে ও বানোয়াট বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করান।”
তিনি আরও বলেন, “একজন বাবার কোনো অপরাধের দায় কখনো তাঁর সন্তানের ওপর পড়তে পারে না। মমতাজ খ্যাত সুমি শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে যেসব কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তার কোনো সঠিক প্রমাণ তিনি দিতে পারবেন না। আমি তাঁকে কোনো হত্যার হুমকি দিইনি এবং আমি পলাতকও নই—এমন কোনো প্রমাণও তাঁর কাছে নেই। এসব মিথ্যা অপপ্রচারের মাধ্যমে সমাজে আমার মান-সম্মান ও সুনামের চরম ক্ষতি করা হয়েছে।”
সংবাদ সম্মেলন থেকে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে কণ্ঠশিল্পী স্বপ্না সরকার বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের কারণে একজন মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। আমি বাংলাদেশের প্রচলিত আইন, সাংবাদিক সমাজ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে এ ঘটনার সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার চাই। এ ধরনের জঘন্য অপপ্রচারের সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে কেউ এভাবে কোনো নিরীহ মানুষের জীবন নিয়ে খেলার সাহস না পায়।”
সংবাদ সম্মেলনে স্বপ্না সরকারের স্বামী শাহীন বাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
আল মিজান ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি 






















