নওগাঁর আত্রাইয়ে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের হলরুমে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ রায়হানুল কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ফিরোজ আলী, আনসার কমান্ডার এবং ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, যুবসমাজকে দক্ষ, সুশৃঙ্খল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার উদ্যোগ প্রশংসনীয়।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন বলেন, দক্ষ মানবসম্পদ গঠন এবং সমাজসেবামূলক কাজে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি করাই তাঁদের মূল লক্ষ্য। সফলভাবে প্রশিক্ষণ শেষ করায় তিনি সকল প্রশিক্ষণার্থীকে অভিনন্দন জানান। প্রশিক্ষণার্থীরা আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তাসহ বিভিন্ন সেবামূলক কাজে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী ৮০ জন প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে সকল প্রশিক্ষণার্থীর মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
সমাপনী পর্বের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে ১০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ ছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের এমন ব্যতিক্রমী ও সামাজিক উদ্যোগকে কলেজ কর্তৃপক্ষ এবং প্রশিক্ষণার্থীরা সাধুবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান তাঁরা।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 






















