কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সনদ বিতরণ করা হয়।
উপজেলার সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন, ইসলামিক ফাউন্ডেশন মনোহরগঞ্জ উপজেলা পরিদর্শক মো. মোতাহের হোসেন প্রমুখ।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আনোয়ার হোসেন জানান, দেশের ভবিষ্যৎ কর্ণধার শিশু-কিশোরদের মধ্যে লুকায়িত সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের চরিত্রবান ও ইসলামি আদর্শে সুনাগরিক হিসেবে গড়ে তোলার মহান ব্রত নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তিনি আরও জানান, কোমলমতি শিশু-কিশোরদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও ইসলামি ভাবাদর্শ গড়ে তোলা এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।
স্টাফ রিপোর্টার, কবির হোসেন শান্ত 






















