নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি অফিসের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এমপি হারুন অর রশিদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে দেশ ছেড়েছেন। তিনি যাওয়ার আগে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়ে গেছেন। আমরা অতন্দ্র প্রহরীর মতো দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাঠে আছি।”
তিনি বলেন, বিএনপি দেশকে সামনে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।
হারুন অর রশিদ আরও বলেন, “বিএনপি এ দেশের সব শ্রেণি-পেশার মানুষের সরকার। যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি—সবার জন্যই সরকার কাজ করছে। যারা দীর্ঘ ১৭ বছর আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার করেছেন, তারাও শান্তিতে বসবাস করছেন। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।”
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ২৪ সেপ্টেম্বর তাঁর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ্ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম সরদার, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন মকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সেলিম মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার 























