যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও সহিংসতার মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অপারেশন্স) ইকবাল বাহারকে গ্রেপ্তারের আবেদন করেছে পুলিশ। আজ রোববার (২৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ গ্রেপ্তারের আবেদন করা হয়। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর ২০২৪ সালে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারের আবেদন জানানো হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় দায়ের করা হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, ঘটনার দিনে বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ একটি মিছিল বের করা হয়। অভিযোগ রয়েছে, সাবেক পুলিশ কর্মকর্তা ইকবাল বাহারের নির্দেশনায় তার অনুসারীরা এবং পুলিশের সহযোগিতায় সেখানে অতর্কিত হামলা চালায়। এতে বহু মানুষ আহত হন এবং বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
গত ২০২৫ সালের ২০ জুন সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে ইকবাল বাহারকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 
























