ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্পোর্টস ক্লাব আয়োজিত ড. এবিএম এমআই মফিজুল ইসলাম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-এ চ্যাম্পিয়ন হয়েছে বিবিএ বিভাগ। ফাইনালে তারা ইংরেজি বিভাগকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা জয় করে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার এই প্রতিযোগিতার পর্দা নামে।
আজ শুক্রবার (১ আগস্ট) বিকাল ৪:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। মুখোমুখি হয় ইংরেজি বিভাগ ও ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগ।
খেলার শুরুতেই উত্তেজনার ঝড় ওঠে। প্রথমার্ধের ৬ মিনিটে জিদান গোল করে বিবিএ বিভাগকে এগিয়ে নেন। এরপর ২৩তম মিনিটে আরমানের গোলে ইংরেজি বিভাগ ম্যাচে সমতা ফেরায়। দ্বিতীয়ার্ধে ৪১তম মিনিটে লাথে গোল করে বিবিএ বিভাগের বিজয় নিশ্চিত করেন। এরপর ইংরেজি বিভাগ একাধিক আক্রমণ চালালেও আর গোল পরিশোধ করতে পারেনি।
ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের লাথে, আর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন রানারআপ দলের আকাশ।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ উপাচার্য ড. জাহিদুল ইসলাম। তিনি বলেন, “বিজয়ী দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা এখন আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেব এবং প্লেয়ার নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন,
“আমরা অত্যন্ত উপভোগ্য একটি ফাইনাল খেলায় সাক্ষী হলাম। খেলোয়াড়দের দক্ষতা, নৈপুণ্য এবং ডিসিপ্লিন অনন্য ছিল। আমি দুই দলকেই অভিনন্দন জানাই, ইংরেজি বিভাগ দুর্দান্ত খেলেছে।”
তিনি আরও বলেন,
“অসাধারণ নেতৃত্ব দিয়েছেন আমাদের শিক্ষকরা। আমরা একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছি। খুব শিগগিরই আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অংশ নিতে চাই এবং ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. গণেশ চন্দ্র সাহা, প্রক্টর ও প্রভোস্ট প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, রেজিস্ট্রার রফিকুল ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা শাহ আলম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে মোট ১২টি বিভাগ অংশগ্রহণ করে।
ডিআইইউ প্রতিনিধি: কায়েস শেখ 























