কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সরেজমিনে পরিদর্শন করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার খোঁজখবর নেন। এ সময় তিনি রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের চিকিৎসাসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে তাঁদের মতামত শোনেন।
পাশাপাশি রোগীদের জন্য পরিবেশিত খাবারের মানও সরেজমিনে যাচাই করেন মন্ত্রী। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্নতা, অপরিষ্কার টয়লেটসহ কিছু অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয় তাঁর নজরে আসে।
এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, রোগীর চিকিৎসার পাশাপাশি তাঁদের জন্য একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 




















