যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের ভাণ্ডারে বর্তমানে প্রায় ৪ হাজার পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে। এত বিপুলসংখ্যক পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য ১০টি পারমাণবিক অস্ত্রই যথেষ্ট।
ট্রাম্প জানিয়েছেন, তিনি চান বিশ্বের তিন পরাশক্তি—যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন নিজেদের মজুত করা পরমাণু অস্ত্রের বড় একটি অংশ ধ্বংস করতে সম্মত হোক। তবে এ কাজটি যে অত্যন্ত কঠিন, তা-ও স্বীকার করেছেন তিনি।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে গতকাল বুধবার চীনের শেনজেন শহরে পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে পৌঁছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে পরমাণু অস্ত্র হ্রাস বা পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে একটি চুক্তির বিষয়ে আলোচনা করতে আগ্রহী।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে প্রায় ৪ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে রাশিয়ার কাছে রয়েছে ৩ হাজার ৮০০টি এবং চীনের কাছে ৪০০ থেকে ৫০০টি।
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, “পারমাণবিক অস্ত্রের মজুতের দিক থেকে বর্তমানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আমাদের পর দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া এবং চীন তৃতীয় অবস্থানে রয়েছে। যদিও তারা রাশিয়ার চেয়ে অনেক পিছিয়ে আছে, তবে বর্তমানে তারা পুরোদমে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি চাই তারা যেন এমনটা না করে। কিন্তু তারা যখন আমার দিকে তাকিয়ে বলে, ‘ঠিক আছে, আমরা তা করব, তবে আপনি কি আপনার পারমাণবিক অস্ত্রের সংখ্যা ২ হাজার কমিয়ে ফেলবেন?’—সত্যি বলতে, আসলে তো মাত্র ১০টি থাকলেই যথেষ্ট। আমরা ঠিক কী ধরনের শক্তির কথা বলছি, তা বুঝতেই পারছেন। ৪ হাজার অস্ত্রের কোনো প্রয়োজন নেই।”
“তবে এটি করা অত্যন্ত কঠিন—আমার জন্য যেমন কঠিন, সম্ভবত তাদের জন্যও এটি সমান কঠিন।”
আজ ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন। এদিন ট্রাম্প, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























