উচ্চ জন্মহারের বদৌলতে আগামী ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টধর্মকে টপকে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে চলেছে ইসলাম। যুক্তরাষ্ট্রের থিঙ্কট্যাংক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
ধর্মভিত্তিক জনসমষ্টি বা জনমিতি নিয়ে গত ২৫ বছর ধরে নির্ভরযোগ্য প্রতিবেদন প্রকাশ করে আসা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বুধবার। সেখানে বলা হয়েছে, ইসলাম ও খ্রিস্টধর্ম—উভয় ধর্মের জনসংখ্যা বাড়ছে; তবে খ্রিস্টধর্মের তুলনায় ইসলামের প্রসারের গতি অনেক বেশি। এর প্রধান কারণ হলো, অন্যান্য বড় ধর্মীয় গোষ্ঠীর তুলনায় মুসলিম পরিবারগুলোতে সাধারণত সন্তানের সংখ্যা বেশি থাকে।
মার্কিন এই থিঙ্কট্যাংক সংস্থার জ্যেষ্ঠ জনমিতি বিশেষজ্ঞ কনরাড হ্যাকেট বলেন, “মূল কারণটি হলো জন্মহার। ধর্মান্তর বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের অন্যান্য উপায়ের তুলনায় জন্মহারের প্রভাব অনেক বেশি।”
পিউ-এর তথ্য অনুযায়ী, ২০২০-২০২৫ সময়কালে মুসলিম নারীদের উর্বরতার হার বা গড় সন্তানসংখ্যা ছিল ৩.১, আর খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই সংখ্যা ছিল ২.৫। অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের গড় সন্তানসংখ্যা ছিল ১.৬, যা ২.১-এর চেয়ে কম। অথচ একটি প্রজন্মের বিদায়ের পর পরবর্তী প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য ২.১ জন্মহারকে ন্যূনতম প্রয়োজনীয় বলে গণ্য করা হয়।
পিউ-এর হাতে থাকা পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা ছিল ২২৭ কোটি এবং মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা ছিল ২০২ কোটি।
বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বুধবারের প্রতিবেদনে পিউ জানিয়েছে, ২০৩৫ সাল নাগাদ মুসলিমদের সংখ্যা বেড়ে ২৫৭ কোটি এবং খ্রিস্টানদের সংখ্যা ২৫২ কোটি হবে।
এ ছাড়া বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিমদের সংখ্যা ৩৬০ কোটির বেশি হবে এবং খ্রিস্টানদের সংখ্যা ৩ বিলিয়নের সামান্য নিচে থাকবে।
এসব হিসাব অবশ্য পিউ-এর একটি বৃহত্তর প্রকল্পের অংশ। প্রকল্পটির মূল বিষয়বস্তু হলো ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিভিন্ন বড় ধর্মীয় গোষ্ঠীর আকার কীভাবে পরিবর্তিত হতে পারে, তা বিশ্লেষণ করা।
সাম্প্রতিক এই প্রতিবেদনটি তৈরির সময় বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর বয়সভিত্তিক কাঠামো, জন্মহার, ধর্মান্তরের প্রবণতা এবং অভিবাসনের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়েছে পিউ।
এসবের মধ্যে উল্লেখযোগ্য একটি তথ্য হলো—আগামী ৪০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে খ্রিস্টানরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবে না। পিউ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬২ শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বী। তবে ২০৬৫ সালের মধ্যে এই হার ৫০ শতাংশের নিচে নেমে আসবে।
এমনকি প্রতিবেশী দেশ কানাডাতেও ২০৩০ সালের মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের হার ৫০ শতাংশের নিচে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
উভয় দেশেই এই হ্রাসের একটি বড় কারণ হলো ধর্মীয় পরিচয় পরিহার করা মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া। ২০৭০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪১ শতাংশ হবে এমন মানুষ, যাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। আর কানাডায় তাদের সংখ্যা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে।
পিউ জানিয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ধর্মীয় পরিচয়ের নিরিখে এই সময়সীমায় খ্রিস্টানদের সংখ্যা বাড়বে ৩০ শতাংশ এবং মুসলিমদের সংখ্যা বাড়বে ৮০ শতাংশ।
পিউ-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হিন্দু ও ইহুদি ধর্মাবলম্বীদের সংখ্যা সামগ্রিকভাবে বাড়লেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাদের হার হ্রাস পাবে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা এবং বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাদের অংশ—উভয়ই কমে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর বড় কারণ হলো চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশগুলোতে সামগ্রিক জনসংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা।
পিউ-এর মতে, আগামী কয়েক দশকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ ঘটবে আফ্রিকায়, বিশেষ করে সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত অঞ্চলগুলোতে, যেখানে অধিকাংশ মানুষ খ্রিস্টান অথবা মুসলিম। এই অঞ্চলে উচ্চ জন্মহার এবং মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়ার ফলে বিশ্বজুড়ে এই দুই ধর্মের অনুসারীদের সংখ্যা আরও বাড়বে।
অন্যান্য প্রধান অঞ্চলগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক কম হবে অথবা কোনো কোনো ক্ষেত্রে জনসংখ্যা হ্রাসও পেতে পারে।
উদাহরণস্বরূপ, পিউ জানিয়েছে, ২০৭০ সালের মধ্যে ইউরোপের জনসংখ্যা ১৭ শতাংশ কমে যাবে এবং সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা এক-তৃতীয়াংশ হ্রাস পেয়ে ৫০ কোটি ৫০ লাখ থেকে কমে ৩২ কোটি ৪০ লাখে নেমে আসবে। একই সময়ে ইউরোপের মোট জনসংখ্যার মধ্যে মুসলিমদের হার ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, পিউ-এর হিসাব অনুযায়ী, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা ২০২০ সালের প্রায় ২১৭ মিলিয়ন থেকে কমে ২০৭০ সাল নাগাদ প্রায় ১৭৪ মিলিয়নে নেমে আসবে।
যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি প্রধান প্রোটেস্ট্যান্ট ধর্মীয় সম্প্রদায়ের সদস্যসংখ্যা দীর্ঘ সময় ধরে হ্রাস পাচ্ছে। তবে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-স্যাক্রামেন্টোর ধর্ম অধ্যয়ন বিষয়ের অধ্যাপক জেফরি ব্রড মনে করেন, এই মধ্যপন্থী থেকে উদারপন্থী ধারার ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থী সাম্প্রতিক কংগ্রেস নির্বাচনে জয়ী হওয়ায় ভবিষ্যতে সদস্যসংখ্যা আবারও বাড়তে পারে।
পিউ-এর হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে অন্য যেকোনো ধর্মাবলম্বী নারীর তুলনায় মুসলিম নারীদের উর্বরতা বা সন্তান জন্মদানের হার ছিল সবচেয়ে বেশি। এই পাঁচ বছরে বিশ্বজুড়ে মুসলিম মায়েদের কোলে এসেছে প্রায় ২৫ কোটি ২০ লাখ শিশু, যেখানে খ্রিস্টান মায়েদের ক্ষেত্রে এই সংখ্যা ছিল ২০ কোটি ৮০ লাখ।
আগামী দশকগুলোতে একমাত্র মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রেই জন্মহার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর ক্ষেত্রে জন্মহার হয় স্থিতিশীল থাকবে, নতুবা ধীরে ধীরে হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।
পিউ-এর তথ্যমতে, বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৭০ সাল নাগাদ পাকিস্তানে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠী বসবাস করবে। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। বর্তমানে ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি মুসলিম বসবাস করেন।
হার্ভার্ড ডিভিনিটি স্কুলের জ্যেষ্ঠ গবেষক এবং ধর্মীয় জনমিতি বিশেষজ্ঞ জিনা জুরলো জানিয়েছেন, বর্তমান পরিবর্তনশীল প্রবণতার প্রেক্ষাপটে খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইমেইলের মাধ্যমে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) তিনি বলেন, “কিছু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে এখনও ‘সভ্যতার সংঘাত’-এর তত্ত্বটি প্রবলভাবে বিদ্যমান এবং উভয় পক্ষের মধ্যেই একে অপরের ধর্ম সম্পর্কে প্রচুর ভুল বোঝাবুঝি রয়েছে। অনেক খ্রিস্টানই এটি মেনে নিতে পারছেন না যে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্ম হতে চলেছে, যা তাদের মধ্যে আরও বেশি উদ্বেগের সৃষ্টি করছে।”
“আমি আশা করি, মানুষ বিভিন্ন ধর্মের মধ্যে পারস্পরিক শিক্ষার সুযোগ খুঁজবে। ব্যক্তিগত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ; যখন বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে, তখন তা অন্য ধর্মের মানুষকে আরও মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার সুযোগ তৈরি করে।”
পিউ রিসার্চ সেন্টারের ধর্মবিষয়ক গবেষণার পরিচালক অ্যালান কুপারম্যান জানান, মুসলিম ও খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধির যে পূর্বাভাস পাওয়া গেছে, তার বেশিরভাগই ঘটছে এমন সব দেশে, যেখানে তারা ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ, ধর্মান্তরের ভূমিকা এক্ষেত্রে খুবই সামান্য।
এপি নিউজকে তিনি বলেন, “আমার মনে হয় না যে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি খ্রিস্টানদের অস্তিত্বের জন্য কোনো হুমকি বা তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে আমি উদ্বিগ্ন যে, এই তথ্যটিকে ব্যবহার করে এমন কোনো বিভ্রান্তিকর শিরোনাম বা বয়ান তৈরি করা হতে পারে, যা বিষয়টিকে খ্রিস্টান বনাম মুসলিমদের মধ্যকার এক ধরনের সংঘাত হিসেবে উপস্থাপন করবে।”
আন্তর্জাতিক ডেস্ক 























