শুরুতে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ভারত ও চীন সীমান্তের সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই সিনেমা। তবে কূটনৈতিক জটিলতায় পড়ে সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’।
তাতেও মেলেনি স্বস্তি। মাসের পর মাস কেটে গেলেও মুক্তির অনুমতি মিলছিল না। অবশেষে পাওয়া গেল কাঙ্ক্ষিত ছাড়পত্র। বুধবার (১৮ নভেম্বর) ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে। ফলে ৪ ডিসেম্বর সিনেমাটির মুক্তিতে আর কোনো বাধা নেই।
সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমাটিকে ‘ইউ/এ ১৬+’ ক্যাটাগরিতে প্রদর্শনের অনুমতি দিয়েছে সার্টিফিকেশন বোর্ড। সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৪ মিনিট ১২ সেকেন্ড।
উল্লেখ্য, ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সংঘটিত সংঘাতের ঘটনা অবলম্বনে সাজানো হয়েছে ‘মাতৃভূমি’র গল্প। সিনেমার বিষয়বস্তু ও চীনকে ঘিরে বিভিন্ন বিষয় উল্লেখ থাকায় আপত্তি ওঠে। কারণ, ভারতের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে অনেক দিন ধরে। সে প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে সিনেমাটি। তবে সব সংশয় কাটিয়ে মুক্তির আলোয় আসতে চলেছে সালমানের নতুন এই সিনেমা।
‘মাতৃভূমি’তে সালমান খানের পাশাপাশি অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, হীরা সোহাল, দয়াশঙ্কর পাণ্ডে, জেসন থাম, অভিলাষ চৌধুরী, বিপিন ভরদ্বাজ, সমর গিল, তেনজিন বোদ, তানিয়া দেশাই, জেইন শ, অভিশ্রী সেনসহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া।
বিনোদন ডেস্ক 
























