শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সোমবার বিকালে সিলেটে গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। যারা এ কাজ করেছে সুষ্ঠু তদন্তসাপেক্ষে তাদের আইনের আওতায় আনা উচিত।
সাকি বলেন, সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে এমনটা নয়। আমাদের বুঝতে হবে কোনো পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন হবে। তবে নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে হবে। ইতোমধ্যেই অনেকের সঙ্গে আলোচনা করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কী কী সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে।
জোনায়েদ সাকি আরও বলেন, ভেঙে পড়া রাষ্ট্র হাতে পাওয়ার ৪ মাস পার হয়েছে; কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণের ক্ষোভ রয়েছে। প্রত্যাশা পূরণ হচ্ছে না সেভাবে। বর্তমান সরকারকে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে বলেও মত দেন তিনি।
বিভিন্ন প্রতিষ্ঠানে বিগত সরকারের ফ্যাসিবাদী শক্তি এখনো বিদ্যমান রয়েছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, এসব বিষয়ে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পক্ষেও মত দেন তিনি।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 
























