ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তারকা হয়ে উঠেছেন তিনি।
ইরানের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো, এমনকি ইসরায়েলের সংবাদমাধ্যমেও শিরোনাম হয়েছেন এই ব্যক্তি।
তিনি প্রথমে ভাইরাল হন ৯ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে। এক ব্যক্তি ভিডিওটি ধারণ করে প্রকাশ করেন এবং জানতে চান, লোকটিকে কার মতো দেখতে। এরপর ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, সাদা চুলের ওই ব্যক্তি বাদাম মাপার একটি দাঁড়িপাল্লার পেছনে বসে আছেন।
এ নিয়ে অনেকে মজাও করছেন। এক ইরানি মন্তব্য করেছেন, নেতানিয়াহু এখন ইরান নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছেন। এর বদলে ইরানে এসে বাদামের ব্যবসা শুরু করেছেন।
আরেকজন বলেছেন, সরকারের উচিত ওই ব্যক্তিকে নিয়ে গিয়ে নেতানিয়াহু হিসেবে উপস্থাপন করে তাঁকে গ্রেপ্তারের নাটক সাজানো।
আবার অনেকে ওই ব্যক্তির দোকানের ঠিকানা খুঁজে সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
ভাইরাল হলেও ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম হায়োম জানিয়েছে, কয়েকটি জায়গায় একটি নাম দেখা গেছে, তবে সেটি তাঁর প্রকৃত নাম কি না, তা স্পষ্ট নয়। এ ছাড়া ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
আন্তর্জাতিক ডেস্ক 
























