ভোলার বোরহানউদ্দিনে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে পৌর যুবদলের সদস্যসচিব আবু জাফর মৃধার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে উদ্দেশ করে দেওয়া ওই পোস্টে তিনি বিএনপির দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক ত্যাগ, নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুরের চেষ্টা নিয়ে একাধিক বক্তব্য তুলে ধরেছেন।
ফেসবুক পোস্টে আবু জাফর মৃধা দাবি করেন, বিগত ১৭ বছর যারা বিএনপির বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড চালিয়েছে, তাদের কেউ কেউ এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একই ধরনের কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বাসায় অতীতে হামলা ও বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের কেউ কেউ এখনো এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
পোস্টে তিনি আরও দাবি করেন, হাফিজ ইব্রাহিম এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের প্রশ্রয় না দিয়ে প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে আলী আজম মুকুলের রাজনৈতিক অবস্থানের সঙ্গে হাফিজ ইব্রাহিমের অবস্থানের তুলনা করে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
আবু জাফর মৃধা বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির ত্যাগী নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যে ছিলেন। অথচ বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িঘর ও বাজারে অবস্থান করলেও বিএনপির ত্যাগী নেতাকর্মীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছেন না বলে তিনি দাবি করেন।
ফেসবুক পোস্টে ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে এলাকায় বিশৃঙ্খলা প্রতিরোধে ত্যাগী নেতাকর্মীরা ভূমিকা রাখবেন বলে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, বিগত সময়ে যাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে, তাদের কারও কারও বক্তব্যের কারণে এখন ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।
রিয়াজ ফরাজী (ভোলা) বোরহানউদ্দিন 




















