অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি বলেছেন, দেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ও বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দারিদ্র্য ও অর্থনৈতিক অসচ্ছলতা দূর না হলে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাসস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সম্ভব নয়। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের উদ্যোগে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
চিফ হুইপ বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে সর্বদলীয় সংসদীয় ককাস গঠন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ে এই ককাস গঠনের মূল উদ্দেশ্য হলো দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পিছিয়ে পড়া মানুষের অধিকার, সুযোগ ও জীবনমান উন্নয়নের বিষয়ে সম্মিলিতভাবে কাজ করা। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তির প্রতিনিধিদেরও এ উদ্যোগে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যের বাস্তবতায় মানুষের কাছে পৃথিবীর সৌন্দর্যও অনেক সময় অর্থহীন হয়ে পড়ে। অর্থনৈতিকভাবে অসচ্ছল একজন মানুষের পক্ষে নিজের মৌলিক চাহিদা পূরণ করাই কঠিন। পরিবারের সন্তানদের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো, পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা কিংবা নিজের ও পরিবারের জন্য প্রয়োজনীয় পোশাক ও বাসস্থানের ব্যবস্থা করাও তাঁর পক্ষে সম্ভব হয় না। অর্থনৈতিক সক্ষমতা মানুষের আত্মমর্যাদা ও সামাজিক অবস্থানের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। তাই মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই হতে হবে উন্নয়ন কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য।
বাংলাদেশের জনসংখ্যা ও সীমিত ভূমিসম্পদের বাস্তবতা তুলে ধরে চিফ হুইপ বলেন, স্বাধীনতার পর দেশের জনসংখ্যা প্রায় সাড়ে সাত কোটি থেকে বেড়ে বর্তমানে প্রায় ১৮ কোটিতে পৌঁছেছে। অন্যদিকে জনসংখ্যার তুলনায় ভূমির পরিমাণ সীমিত। ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের চাহিদা পূরণ করা একটি বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় দেশের উন্নয়ন পরিকল্পনায় সবার অংশগ্রহণ ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, প্রাকৃতিক সম্পদই একটি দেশের সমৃদ্ধির একমাত্র ভিত্তি নয়। সিঙ্গাপুরের মতো সীমিত প্রাকৃতিক সম্পদসম্পন্ন দেশও দক্ষ মানবসম্পদ, সুশাসন, পরিকল্পনা ও কার্যকর অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বে সমৃদ্ধির উদাহরণ সৃষ্টি করেছে। অন্যদিকে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও অনেক দেশ দারিদ্র্য ও অর্থনৈতিক সংকট থেকে বের হতে পারেনি। সুতরাং বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ মানবসম্পদ, উৎপাদনমুখী অর্থনীতি, সঠিক পরিকল্পনা এবং দায়িত্বশীল নাগরিক সমাজ।
বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। বিশেষ করে কৃষক, নিম্ন আয়ের পরিবার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব কর্মসূচির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে হবে।
শিক্ষাব্যবস্থার সংস্কার ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা শুধু সনদ অর্জন না করে বাস্তব জীবনের উপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। একই সঙ্গে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং উৎপাদনশীল কাজের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। আমাদের ভোগের পাশাপাশি উৎপাদনেও সক্ষম হতে হবে।
তিনি আরও বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যার সমাধানে সরকার কাজ করছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের সক্ষমতা বাড়াতে সময়োপযোগী পরিকল্পনা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এসব সমস্যার সমাধানে বাস্তবতা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আলোচনা ও সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
চিফ হুইপ বলেন, জাতীয় সংসদকে জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের উপযোগী করে গড়ে তুলতে স্পিকারের নেতৃত্বে সংসদীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সর্বদলীয় সংসদীয় ককাসের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন এবং সেগুলোর বাস্তবায়নে সংসদীয় উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শুধু সমস্যার কথা তুলে ধরবেন না, পাশাপাশি বাস্তবায়নযোগ্য সুপারিশ ও প্রস্তাবও উপস্থাপন করবেন। জনগণের কল্যাণে কার্যকর ও বাস্তবসম্মত কোনো প্রস্তাব এলে সরকার ও জাতীয় সংসদের পক্ষ থেকে তা বাস্তবায়নের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে।
মাওলানা মো. আব্দুল মোতালেব-স্টাফ রিপোর্টার 






















