কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণের সুযোগ বাড়াতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’ উদ্বোধন করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ডে গৌরনগর কেন্দ্রীয় জামে মসজিদ-সংলগ্ন স্থানে এ মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে হাবিবুর রশিদ হাবিব বলেন, কৃষকেরা মাঠপর্যায়ে উৎপাদিত ফসল এই মিনি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে পারবেন। এটি অনেকটা বড় ফ্রিজের মতো। পরীক্ষামূলকভাবে এলাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব হলে ভবিষ্যতে সরকারের কাছ থেকে এ ধরনের সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণ করা যাবে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই ঢাকা-৯ আসনের উন্নয়নে সবাইকে নিয়ে একটি দল হিসেবে কাজ করছেন তাঁরা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা, নির্বাচিত কাউন্সিলর ও অঙ্গসংগঠনের নেতারা সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে কাজ করছেন।
এলাকার বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দাবি কায়েতপাড়া সেতু নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি মাসের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছেন তাঁরা। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সেতুটির নির্মাণকাজ শুরু হতে পারে।
তিনি আরও বলেন, মান্ডা ও জিরানি খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খালগুলো দখলমুক্ত করতেও কাজ চলছে। নৌবাহিনীর মাধ্যমে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে এলজিইডির প্রতিমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়েও কাজটি বাস্তবায়নের চেষ্টা চলছে।
হাবিবুর রশিদ বলেন, মন্দিরসংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের প্রয়োজনীয় সড়কটি দ্রুত বাস্তবায়নে কাজ করছেন তাঁরা। ইতিমধ্যে এ সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, ত্রিমোহনী সেতু নির্মাণের পাশাপাশি কয়েকটি বেইলি সেতু করা যায় কি না, তা নিয়েও সড়ক ও জনপথ অধিদপ্তরের সচিব, অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি দল এলাকা পরিদর্শন করবে।
এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সংস্কার ও নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। পাশাপাশি সড়ক, অবকাঠামো ও অন্যান্য উন্নয়নকাজ বাস্তবায়নে সিটি করপোরেশনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে উল্লেখ করেন।
সরকারি খাসজমি ব্যবহারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এলাকার সরকারি খাসজমি জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। ব্যক্তিগত স্বার্থে এসব জমি ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। এলাকার মাঠ ও কবরস্থানের মতো জনস্বার্থসংশ্লিষ্ট স্থাপনা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
হাবিবুর রশিদ বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খেলাধুলার প্রাতিষ্ঠানিকীকরণ এবং প্রতিবন্ধী ও বয়স্কদের ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। গত আট মাসে দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দুই লাখ থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের কাছে না গিয়ে নেতৃবৃন্দ সরাসরি মানুষের কাছে গিয়ে সহায়তা পৌঁছে দিয়েছেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধের কারণে অর্থনৈতিক পরিস্থিতি অস্থির। এ পরিস্থিতিতেও সরকার গ্যাস ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে। জ্বালানি সংরক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
রাজনৈতিক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের ভিত্তি জনগণ। জনগণের কাছে সরকারের জবাবদিহি রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের নেতৃত্বে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে গেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশের উন্নয়নে কাজ করতে হবে।
ঢাকা-৯ আসনের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এলাকার চার লেনের সড়ককে এক্সপ্রেসওয়েতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্সপ্রেসওয়ের মাধ্যমে বাইরের যানবাহন চলাচল করলে বনশ্রী, দক্ষিণ বনশ্রীসহ আশপাশের এলাকার মানুষের ভোগান্তি কমবে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য নিচে সড়কের ব্যবস্থা রাখার পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে হাবিবুর রশিদ বলেন, জনগণের পাশে থাকতে হবে এবং নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং তাদের নিয়েই এলাকার উন্নয়নে এগিয়ে যেতে হবে।
ফরহাদ হোসেন-নিজস্ব প্রতিবেদক 






















